Sunday, January 29, 2017

কানঃ সাধারণ অঙ্গটি নিয়ে অসাধারণ যতকথা। পার্টঃ ১। #Dr,ShahbubAlamTips

মানবদেহের পঞ্চইন্দ্রিয়ের মধ্যে কান অন্যতম। কান শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কান দ্বারা আমরা শুনতে পাই। জন্মের পর থেকে আমরা চারপাশের মানুষদের কথা বলা শুনতে শুনতেই একসময় কথা বলতে শিখি। এর জন্য আমাদের কোন নির্দিষ্ট ভাষার ব্যাকরণ বই পড়তে হয় না। কান না থাকলে আমরা কোন কিছুই শুনতে পেতাম না এবং আমাদের কথা বলা শেখাও সম্ভব হত না কোনদিন। আর আমাদের দৈনন্দিন জীবনে কোন কিছু শ্রবণের গুরুত্বের কথাটা সকলেরই জানা। কান বা শ্রবণশক্তিবিহীন একটি পৃথিবী কল্পনা করতে পারবেন? যেখানে কৃষ্ণের বাঁশির সুর হত মূল্যহীন, হেডফোন নামের বস্তুটি হত হয়ত কোন রূপকথার গল্পের কোন আশ্চর্যজনক উপাদান! আসলে শ্রবণশক্তিবিহীন কোন পৃথিবীর কথা কল্পনা করতেও আমাদের গা শিউরে ওঠে। আমরা কেউই চাই না বধির হয়ে বেঁচে থাকতে। শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে সুস্থ রাখার গুরুত্বটাও তাই অনেক বেশি। তাই কানের যত্নে কোনো অবহেলা নয়। নিয়মিত এর যত্ন নেওয়া খুবই জরুরী।

কানের যত্নের কথা বলতে গেলে প্রথমেই আসে এর পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিচর্যার ব্যাপারটি। তাই নিম্নে কানের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিচর্যার ব্যাপারে কতগুলো গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলঃ

কখন কান পরিষ্কার করবেন?

বিশেষজ্ঞরা মনে করেন, গোসলের পর‌‌ই হচ্ছে কান পরিষ্কারের সবচেয়ে উপযুক্ত সময়। কারণ তখন কানের ভেতরের অংশে পানি ঢোকার কারণে ভেতরের ময়লাগুলো একটু ভেজা ভেজা থাকে। এতে সহজে ময়লা বের হয়ে আসে। কান সপ্তাহে একদিন পরিষ্কার করাটাই যথেষ্ট। প্রতিদিন কান পরিষ্কার করাটা ক্ষতিকর।
শিশুদের ক্ষেত্রে ১৫ দিন বা এক মাস পর পর কানে জলপাই তেল দেওয়া যেতে পারে৷ তবে শিশুর কান পাকার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷ বড়দের কানে ময়লা জমার তেমন কোনো কারণ নেই৷ তবে বারবার কানে বেশি বেশি ময়লা জমলে নাক-কান-গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হোন৷
 
 চলবে..............................

Saturday, January 28, 2017

"কানে খোল" সমস্যার সমাধান। #Dr.ShahbubAlamTips


কানে খোল অতি পরিচিত সমস্যা। এ খোল অনেকেই পরিষ্কার করার চেষ্টা করেন। নিজে এটি পরিষ্কার করা ঠিক নয়। নিজে পরিষ্কার করতে গেলে জমে থাকা খোলের বেশির ভাগই ভেতরে চলে যায়। ফলে বিপত্তি আরো বাড়ে।
কানে খোল আটকে গেলে কানে ব্যথা হয়, কানে কম শোনা যায় কান বন্ধ থাকার কারণে ইএনটি স্পেশালিস্ট কান দেখে এটি পরিষ্কার করে দিতে পারেন। তবে পরিষ্কার করা সম্ভব না হলে খোল গলানোর ওষুধ রয়েছে। তাতেও কাজ না হলে কিংবা অবস্থা বেশি খারাপ হলে অজ্ঞান করে কান পরিষ্কার করে দিতে হয়।
যাদের কানে খোল হওয়ার প্রবণতা রয়েছে তারা নিয়মিত কানে ৪/৫ ফোঁটা করে অলিভ অয়েল দিতে পারেন।

Saturday, January 21, 2017

কান পাকা রোগ কেন হয় ?

কান পাকা রোগ কেন হয় ? 

বিভিন্ন কারণে কান পচা রোগ দেখা দিতে পারে। দুই ধরনের কান পচা রোগ আছে। একটি তুলনামূলক কম বিপজ্জনক, আরেকটি বেশি বিপজ্জনক। বেশি বিপজ্জনক কান পাকা রোগ দীর্ঘমেয়াদে আরো বড় সমস্যা করে এবং এ থেকে কখনো কখনো মৃত্যু ঘটাও অস্বাভাবিক নয়। পানি বা অন্য কিছুর কারণে কানের পর্দা ছিদ্র হয়ে গেলে কান পচা রোগ দেখা দেয়। এ ছাড়া আমাদের কানের ভেতরে অবস্থিত ছোট ছোট হাড় আছে। সেগুলো ক্ষয় হয়ে গেলেও এ সমস্যা হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতি হয় মধ্যকর্ণে কলেস্টিটোমার উপস্থিতির কারণে। এটি এক ধরনের ক্ষতিকর অবাঞ্ছিত পাতলা আবরণ, যা মধ্যকর্ণে সৃষ্টি হয় এবং বাড়তে বাড়তে একসময় মস্তিষ্ক পর্যন্ত বিস্তৃতি লাভ করে এবং পরবর্তী সময়ে রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ঠিক সময়ে অপারেশনের মাধ্যমে শ্রবণশক্তি ৭০-৮০ শতাংশ পর্যন্ত ফিরিয়ে আনা সম্ভব। এ ছাড়া কম বিপজ্জনক কান পচা রোগ (কলেস্টিটোমার উপস্থিতি ব্যতীত) বেশির ভাগ ক্ষেত্রেই ওষুধের মাধ্যমে নিরাময় করা সম্ভব। বাংলাদেশে সব ধরণের কান পচা রোগের চিকিৎসা করা হয়; দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। এ কারণে কানে কম শুনতে পেলে বা কান দিয়ে দুর্গন্ধ বের হলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কোনোভাবেই বিলম্ব করা ঠিক নয়।